
কলকাতা, ২ জুন (হি.স.): রাজ্যের সাধারণ মানুষের জন্য পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বহু প্রতীক্ষিত 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন চত্বরে এই মেগা প্রকল্প চালুর প্রস্তুতি ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা। প্রকল্পটির সূচনা পর্ব সুচারুভাবে সম্পন্ন করতে আগামীকাল নবান্নের সভাগৃহে একটি উচ্চপর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ১৮তম বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইশতেহার তথা 'সঙ্কল্প পত্রে' এই অন্নপূর্ণা যোজনা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই জনকল্যাণকর প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য সচিবালয় থেকে সরাসরি এই সরকারি ঘোষণার পরই প্রকল্পের সম্মতিপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হবে।
প্রকল্পের প্রথম দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে প্রথম দফার ১০০ জন উপভোক্তার কাছে এই সম্মতিপত্র তুলে দেবেন। এই উপভোক্তাদের মধ্যে গ্রামীণ ব্লকের পাশাপাশি বিভিন্ন পুরসভা ও কর্পোরেশন এলাকার বাসিন্দারাও রয়েছেন। উদ্বোধনী দিনেই গ্রামবাংলার পাশাপাশি প্রতিটি জেলা, সংশ্লিষ্ট ব্লক ও পুরসভা এলাকার মানুষজনের সঙ্গে কলকাতার বাসিন্দারাও এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। নতুন সরকারের এই প্রথম বড়সড় জনকল্যাণকর কর্মসূচির সূচনা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত