
নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য নম্বর যাচাই এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনলাইন পোর্টাল চালু করেছে। মঙ্গলবার থেকে এই পোর্টাল সক্রিয় হয়েছে বলে সিবিএসই তাদের সরকারি এক্স হ্যান্ডেলে জানিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সিবিএসই-র সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এর আগে ২৬ মে পোর্টাল চালুর কথা থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে সময়সীমা বাড়িয়ে ১ জুন করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে সেদিনও পোর্টাল চালু করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার থেকে পরিষেবাটি শুরু হয়েছে।
সিবিএসই পরীক্ষার্থীদের জন্য সরকারি পোর্টালের লিঙ্ক postresult.cbseit.in/pvr/ প্রকাশ করেছে। এই পোর্টালে নম্বর যাচাই, উত্তরপত্রের ফটোকপি সংগ্রহ এবং পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত নির্দেশিকা ভিডিও দেখে আবেদন করা যাবে।
উল্লেখ্য, বোর্ড পরীক্ষার প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট পড়ুয়াদের জন্য সিবিএসই তিন ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রথম ধাপে নম্বর যাচাই, দ্বিতীয় ধাপে মূল্যায়িত উত্তরপত্রের ফটোকপি সংগ্রহ এবং তৃতীয় ধাপে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য