জঙ্গলমহলের উন্নয়নই অগ্রাধিকার, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব: মন্ত্রী রাজেশ মাহাতো
ঝাড়গ্রাম, ২ জুন (হি.স.) : নবনিযুক্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গলমহলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি বলেন, এলাকার ম
জঙ্গলমহলের উন্নয়নই অগ্রাধিকার, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব: মন্ত্রী রাজেশ মাহাতো


ঝাড়গ্রাম, ২ জুন (হি.স.) : নবনিযুক্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গলমহলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি বলেন, এলাকার মানুষের আশীর্বাদ ও সমর্থনেই তাঁর এই সাফল্য এসেছে। মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি অতিথিশালায় সাংবাদিক বৈঠকে রাজেশ মাহাতো জানান, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন এলাকায় ‘বিধায়ক ও জনতা মুখোমুখি’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও দাবিদাওয়া সরাসরি শুনেছেন। সেই কর্মসূচিতে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা একাধিক সমস্যার বিষয় উঠে এসেছে।

মন্ত্রী বলেন, “এতদিন আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে মানুষের পাশে থেকেছি। এখন সরকারের সদস্য হিসেবে সেই সমস্যাগুলি প্রশাসন ও সরকারের কাছে তুলে ধরে সমাধানের চেষ্টা করাই আমার দায়িত্ব।” পাশাপাশি এলাকায় দুর্নীতি, অন্যায় বা বেআইনি কাজের অভিযোগ সামনে এলে তা প্রশাসনের নজরে আনার আশ্বাসও দেন তিনি।

সাঁকরাইল এলাকার জমি সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে রাজেশ মাহাতো বলেন, প্রকৃত জমির মালিকদের অধিকার রক্ষায় আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। একইসঙ্গে বালি খাদান নিয়ে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, বৈধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনে আপত্তি নেই, তবে জাল নথি বা নিয়মবহির্ভূত খননের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, জরুরি সমস্যাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রোহিণী-মুড়াকাটি এলাকার ঝুঁকিপূর্ণ সেতু, আমদই সেতু এবং সুবর্ণরেখা রেলপথের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির বিষয়ও সরকারের নজরে আনা হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande