
নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : নেপালের শাসকদল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানে মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত-নেপাল সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আমন্ত্রণে পাঁচ দিনের ভারত সফরে এসেছেন লামিছানে। মঙ্গলবার সকালে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ঐতিহ্যবাহী শোভাযাত্রা, ফুলের মালা এবং ঢাক-ঢোলের মাধ্যমে বিজেপি নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ সিং, বিদেশ বিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে-সহ একাধিক নেতা।
নিতিন নবীন ফুলের তোড়া দিয়ে লামিছানেকে স্বাগত জানান এবং স্মারক উপহার দেন। পাল্টা লামিছানে নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক পশুপতিনাথ মন্দিরের বিশেষ তিলক, রুদ্রাক্ষ ও তুলসীর মালা উপহার দেন। পাশাপাশি রুপোর তৈরি পশুপতিনাথ মন্দিরের একটি আকর্ষণীয় প্রতিরূপও তিনি নিতিন নবীনকে উপহার হিসেবে দেন। দুই দেশের প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের প্রতীক হিসেবেই এই উপহারকে দেখা হচ্ছে।
বৈঠকে বিজেপির সাংগঠনিক কাঠামো ও কার্যপ্রণালী সম্পর্কেও লামিছানেকে অবহিত করা হয়। দুই দলের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এদিন বিজেপি সূত্রে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য বিজেপি ও আরএসপি-র মধ্যে সংলাপ বৃদ্ধি, সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময় এবং জনমুখী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা। ‘নো দ্য বিজেপি’ কর্মসূচির আওতায় বিদেশি রাজনৈতিক দল ও কূটনীতিকদের বিজেপির ইতিহাস, আদর্শ, সাংগঠনিক কাঠামো ও কর্মকাণ্ড সম্পর্কে পরিচিত করানো হয়।
আরএসপি নেতাদের মতে, এই উপহার বিনিময়ের মাধ্যমে ভারত ও নেপালের অভিন্ন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
পাঁচ সদস্যের নেপালি প্রতিনিধি দলে রবি লামিছানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী নিকিতা পৌডেল, আরএসপি-র সহ-মহাসচিব বিপিন কুমার আচার্য, দীপক বোহোরা এবং প্রদীপ আচার্য। সফরকালে তিনি ভারতে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও উত্তর প্রদেশের অযোধ্যা সফরে গিয়ে রামলালার দর্শন ও পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেবেন।
নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে লামিছানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই দেশ যখন কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী, তখন এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য