
মুম্বই, ২ জুন (হি.স.) : অভিনেতা সলমন খান ‘কালা হরিণ’ নামে একটি ছবিকে কেন্দ্র করে কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে আইনি নোটিস পাঠিয়েছেন। মঙ্গলবার জানা গিয়েছে, ছবিটি সলমনের সঙ্গে জড়িত বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। সলমনের আইনজীবীদের দাবি, ছবিটি অভিনেতার জনসমক্ষে গড়ে ওঠা ভাবমূর্তির ক্ষতি করতে পারে এবং রাজস্থান হাই কোর্টে বিচারাধীন মামলার উপরও প্রভাব ফেলতে পারে।
সলমন খানের আইনি দল ছবির সঙ্গে যুক্ত সমস্ত কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। পাশাপাশি অক্ষয় পাণ্ডের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে। নোটিসে অভিযোগ করা হয়েছে, ছবির প্রচার ও বিপণনের ক্ষেত্রে সলমন খানের নাম ও ভাবমূর্তি তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে।
আইনজীবীদের বক্তব্য, এই পদক্ষেপ অভিনেতার সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি তাঁর জনপ্রিয়তাকে অন্যায্যভাবে কাজে লাগানোর চেষ্টা। সূত্রের খবর, নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে উত্থাপিত শর্তগুলি পূরণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে এখনও পর্যন্ত অক্ষয় পাণ্ডে বা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে এই বিতর্কের পরবর্তী মোড়ের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য