রি-নিটে পরীক্ষার্থীদের জন্য ফ্রি ডিটিসি বাস, ৯৭ কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য ‘কুলিং জোন’
নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : রি-নিট (নিট-ইউজি ২০২৬) পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সুবিধার্থে একাধিক বিশেষ উদ্যোগ নিল দিল্লি সরকার। রবিবার পরীক্ষার দিন সব পরীক্ষার্থী ডিটিসি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি রাজধানীর ৯৭টি প
রি-নিটে পরীক্ষার্থীদের জন্য ফ্রি ডিটিসি বাস, ৯৭ কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য ‘কুলিং জোন’


নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : রি-নিট (নিট-ইউজি ২০২৬) পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সুবিধার্থে একাধিক বিশেষ উদ্যোগ নিল দিল্লি সরকার। রবিবার পরীক্ষার দিন সব পরীক্ষার্থী ডিটিসি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি রাজধানীর ৯৭টি পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও পরিজনদের জন্য বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, শরবত, ওআরএস, চা এবং প্রাথমিক চিকিৎসাসহ বিশেষ ‘কুলিং জোন’ তৈরি করা হয়েছে।

পরীক্ষার আগের দিন শনিবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, পরীক্ষার দিন কোনও পরীক্ষার্থী বা তাঁর পরিবার যাতে যাতায়াত, তীব্র গরম কিংবা দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে অযথা দুর্ভোগের শিকার না হন, তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, দিল্লিতে রি-নিট পরীক্ষার জন্য মোট ৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের বাইরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘কুলিং জোন’ তৈরি করা হয়েছে। সেখানে অভিভাবক ও পরিজনদের আরাম করে বসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল, শরবত, ওআরএস, চা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষা চলাকালীন কয়েক ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয় অভিভাবকদের। তাঁদের সেই অসুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

রেখা গুপ্তা আরও বলেন, ২১ জুন রি-নিট পরীক্ষার দিন সব পরীক্ষার্থী ডিটিসি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এই সুবিধা পেতে বাসের কন্ডাক্টরকে শুধু বৈধ নিট অ্যাডমিট কার্ড দেখাতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের সময়, পরিশ্রম এবং ভবিষ্যৎ অত্যন্ত মূল্যবান। তাই তাঁদের শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পথে কোনও ধরনের অসুবিধা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে দিল্লি সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande