
কলকাতা, ২১ জুন (হি. স.): স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সুস্থতার বার্তা নিয়ে রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল শিয়ালদহ রেল ডিভিশন। রেলকর্মী ও তাঁদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা ডিভিশন জুড়ে উৎসবের আবহ তৈরি হয়।শিয়ালদহ ডিভিশনের কর্মী বিভাগ (পার্সোনেল ডিপার্টমেন্ট)-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিয়ালদহের ‘মন্থন’ ও ‘পি.এল. রায়’ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান হলেও, ডিভিশনের ৪৮টি স্থানে একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রেলকর্মী ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।অনুষ্ঠানকে আরও কার্যকর করে তুলতে যোগ বিশেষজ্ঞ বরুণ পাত্র এবং ব্রহ্মকুমারী সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। তাঁরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের প্রদর্শন করেন এবং নবীন থেকে অভিজ্ঞ সকল অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেন।এই উপলক্ষে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা বলেন, ‘‘যোগ শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি। বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ তিনি রেল পরিবারের সকল সদস্যকে নিয়মিত যোগাভ্যাসের আহ্বান জানান।রেল কর্তৃপক্ষের দাবি, কর্মীদের সুস্থ, সচেতন ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়