
কলকাতা, ২৫ জুন (হি.স.): তারাতলা ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে পড়ার ঘটনার পর, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন আহত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এই পরিদর্শনের সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের কাছ থেকে আহতদের স্বাস্থ্যাবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং সমস্ত ক্ষতিগ্রস্তদের উন্নত ও উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
মন্ত্রী জানান, দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও দু'জন আটকে থাকার আশঙ্কায় উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান জারি রেখেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ২০ জন আহতের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
দুর্যোগ মোকাবিলা বাহিনীর তৎপরতা ও কার্যকারিতার প্রশংসা করে ডক্টর পোদ্দার বলেন, সংকটের এই মুহূর্তে প্রশাসন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও জানান, এই ঘটনার তদন্তে নেমে এ পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ও সময়োচিত হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি