
আরামবাগ , ২৫ জুন (হি.স) : বাস যাত্রার সময় চুরি যাওয়া ১০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল আরামবাগ থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মাধডিহি থানার গোতান গ্রামের বাসিন্দা গঙ্গা প্রসাদ পাল অসুস্থতার কারণে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় খরচ মেটাতে গত বুধবার স্ত্রী মৌসুমী পাল গোতান থেকে বাসে করে আরামবাগে আসছিলেন।
মৌসুমী দেবীর অভিযোগ, বাসটি আরামবাগ নেতাজি স্কয়ারে পৌঁছানোর পর তিনি দেখতে পান তাঁর ব্যাগের চেন খোলা রয়েছে। ব্যাগে রাখা ১০ হাজার টাকা উধাও। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে চুরি যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার থানায় ডেকে মৌসুমী পালের হাতে উদ্ধার হওয়া ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত মৌসুমী পাল বলেন, “পুলিশ অনেক সাহায্য করেছে। কখনো ভাবতেই পারিনি এই টাকাটা ফিরে পাব। স্বামীর চিকিৎসার জন্য এই টাকাটা খুবই প্রয়োজন ছিল। পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়েই দ্রুত তদন্ত চালানো হয়েছিল। সময়মতো পদক্ষেপের ফলেই চুরি যাওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর পুলিশের এই মানবিক ও তৎপর ভূমিকায় এলাকায় প্রশংসার সুর শোনা যাচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে গঙ্গা প্রসাদ পালের পরিবারে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA