

হাফলং (অসম), ২৫ জুন (হি.স.) : কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার হাফলং সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হল-এ এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক পরীক্ষাগার সহ-কার্যালয়, শিলচর-এর উদ্যোগে এবং হাফলং সরকারি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’ কর্মসূচির অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচিতে উপস্থিত অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শিলচর আঞ্চলিক কার্যালয়ের কার্যনির্বাহী অভিযন্তা অরবিন্দ দাস ও হাফলং সরকারি কলেজের অধ্যক্ষ ড. সর্বজিৎ থাওসেন উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ, কঠিন বর্জ্যের বৈজ্ঞানিক নিষ্পত্তি, পুনর্ব্যবহার এবং পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নাগরিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং টেকসই জীবনযাপন বিষয়ক বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব