
শ্রীভূমি (অসম), ২৫ জুন (হি.স.) : জেলার আর্থিক উন্নয়ন, ব্যাংকিং পরিষেবার সম্প্রসারণ এবং সরকারি ঋণভিত্তিক প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে শ্রীভূমি জেলাশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা পরামর্শদাতা কমিটি (ডিসিসি) এবং জেলা পর্যায়ের পর্যালোচনা কমিটি (ডিএলআরসি)-র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরোহিত্য করেন শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী। সভায় ডিসেম্বর ২০২৫ এবং মার্চ ২০২৬ ত্রৈমাসিকের জেলা বার্ষিক ঋণ পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন ব্যাংকের ঋণ বিতরণের অগ্রগতি, অগ্রাধিকারভিত্তিক খাতে ঋণপ্রদান, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, শিক্ষা ও আবাসন ঋণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় উপভোক্তাদের দ্রুত ও সহজে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।
জেলাশাসক সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জেলার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রশাসন ও ব্যাংকগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী এবং নতুন উদ্যোক্তাদের কাছে সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে ব্যাংকগুলিকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বৈঠকে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলিও জেলা প্রশাসনের সামনে উপস্থাপন করা হয় এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত বড়ো, শ্রীভূমির লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সিংহেশ ঝা, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিক এবং কর্মচারীরা।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার আর্থিক অন্তর্ভুক্তি, ঋণপ্রবাহ বৃদ্ধি এবং সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন ও ব্যাংকগুলির মধ্যে সমন্বয়মূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস