জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত লরির খালাসি, জখম চালক হাসপাতালে ভর্তি
ঝাড়গ্রাম, ২৫ জুন (হি.স.): জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক লরির খালাসি। গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লোধাশুলি-খড়্গপুর ৪৯ নম্বর জাতীয় সড়কের বালি
জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত লরির খালাসি, জখম চালক হাসপাতালে ভর্তি


ঝাড়গ্রাম, ২৫ জুন (হি.স.): জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক লরির খালাসি। গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লোধাশুলি-খড়্গপুর ৪৯ নম্বর জাতীয় সড়কের বালিভাসা টোল প্লাজার কাছে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেজুরবোঝাই একটি লরি লোধাশুলি থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। পথে বালিভাসা টোল প্লাজার কিছুটা আগে আচমকাই লরিটির একটি টায়ার ফেটে যায়। এর জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি পণ্যবাহী লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে খেজুরবোঝাই লরিটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের মধ্যে আটকে পড়েন চালক ও খালাসি। খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গ্যাস কাটারের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন কেটে তাঁদের বের করা হয়।

আহত দু’জনকে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা খালাসিকে মৃত বলে ঘোষণা করেন। আহত চালকের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় ক্ষতিগ্রস্ত লরিটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টায়ার ফেটে যাওয়ার কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় জানার পাশাপাশি দুর্ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande