চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ইস্তফা
চুঁচুড়া, ২৫ জুন (হি. স.) : হুগলি-চুঁচুড়া পুরসভার প্রশাসনিক পদে বড়সড় রদবদল। বৃহস্পতিবার পদত্যাগ করলেন পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। প্রশাসনিক পদের পাশাপাশি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাঁরা। পুরসভা সূত্
চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ইস্তফা


চুঁচুড়া, ২৫ জুন (হি. স.) : হুগলি-চুঁচুড়া পুরসভার প্রশাসনিক পদে বড়সড় রদবদল। বৃহস্পতিবার পদত্যাগ করলেন পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। প্রশাসনিক পদের পাশাপাশি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাঁরা।

পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার পুরসভায় কাউন্সিলরদের একটি বোর্ড মিটিং ছিল। সেই বৈঠকেই ইস্তফা দেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ইস্তফার প্রতিলিপি ইতিমধ্যেই সদর মহকুমাশাসকের কাছে পাঠানো হয়েছে। পরে পদত্যাগ প্রসঙ্গে তাঁরা জানান, অপমান সহ্য করে কাজ করা সম্ভব নয়। তা ছাড়া পদে থাকলেও তাঁরা সে ভাবে কোনও কাজ করতে পারছিলেন না।

রাজ্যে দলীয় স্তরে পালাবদলের পরে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে শামিল হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন সৌমিত্র এবং পার্থও। বেআইনিভাবে রাস্তা অবরোধ এবং পুলিশের কাজে বাধা দেওয়াসহ একাধিক অভিযোগে বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সৌমিত্র ও পার্থকে পুলিশ গ্রেফতার করেছিল। বেশ কিছুদিন জেল খাটার পর, কয়েক দিন আগে তাঁরা জামিনে মুক্তি পান। জেল থেকে বেরোনোর পরই এদিন পদত্যাগ করলেন তাঁরা।

২০২২ সালের পুরভোটে চুঁচুড়া পুরসভার ৩০টি আসনের মধ্যে ২৯টিতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ১টি আসনে জয়ী হয় সিপিএম। জয়ের পর দলীয় সিদ্ধান্তে প্রথমে চেয়ারম্যান করা হয়েছিল অমিত রায়কে এবং ভাইস চেয়ারম্যান করা হয় পার্থ সাহাকে।

তবে চব্বিশের লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে পড়ে শাসক দল। লোকসভার এই ফলাফলের পরেই পুরসভার সমীকরণ বদলে যায় এবং অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সৌমিত্র ঘোষকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই পদ থেকে সরে দাঁড়ালেন সৌমিত্র।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande