নদীয়ার কালীগঞ্জ হত্যাকাণ্ডে আরও তিনজনের গ্রেফতারি, পুলিশের তৎপরতা বৃদ্ধি
কলকাতা, ২৫ জুন (হি.স.): নদীয়া জেলার কালীগঞ্জে গত বছর নাবালিকা মেয়ে তামান্না খাতুনকে হত্যার ঘটনায় পুলিশি তৎপরতায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, বুধবার রাত থেকে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার
নদীয়ার কালীগঞ্জ হত্যাকাণ্ডে আরও তিনজনের গ্রেফতারি, পুলিশের তৎপরতা বৃদ্ধি


কলকাতা, ২৫ জুন (হি.স.): নদীয়া জেলার কালীগঞ্জে গত বছর নাবালিকা মেয়ে তামান্না খাতুনকে হত্যার ঘটনায় পুলিশি তৎপরতায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, বুধবার রাত থেকে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

পুলিশ সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে দুই পলাতক অভিযুক্ত সাবির শেখ ও জিয়ারুল শেখকে গ্রেফতার করা হয়েছিল। এরপর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বাকি তিন পলাতক অভিযুক্ত ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখকেও ধরা হয়।

রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই তিন অভিযুক্তকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তামান্না হত্যাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর এরা সেখানে পালিয়ে গিয়ে লুকিয়ে ছিল। পুলিশ ট্রানজিট রিম্যান্ডে এদের কলকাতায় নিয়ে আসছে এবং পরে নদীয়া জেলা আদালতে পেশ করা হবে। সরকারি পক্ষ এদের পুলিশ হেফাজতের আবেদন জানাবে।

উল্লেখ্য, নদীয়া জেলার কালীগঞ্জের বাসিন্দা তামান্না খাতুন, যার পরিবার সিপিআই(এম) সমর্থক বলে পরিচিত, ২০২৩ সালের ২৩ জুন বোমা বিস্ফোরণে মারা যায়। সেদিনই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল, যাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হন।

অভিযোগ, জয়ের শোভাযাত্রার সময় তৃণমূল কংগ্রেস সমর্থকেরা তামান্নার বাড়ি লক্ষ্য করে দেশি বোমা ছুড়েছিল, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তামান্নার মা সবিনা ইয়াসমিন শেখ সম্প্রতি সম্পন্ন হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) প্রার্থী হিসেবে কালীগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদের কাছে পরাজিত হন। আলিফা পরপর দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন।

ইতিমধ্যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় তামান্নার মায়ের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। এর পরপরই পুলিশি তৎপরতা বৃদ্ধি পায় এবং ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande