
শিলচর (অসম), ২৫ জুন (হি.স.) : ১৯৭৫ সালের ২৫ জুন ঘোষিত জরুরি অবস্থার ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে শিলচরে ‘কালো দিবস’ পালন করেছে বিজেপির কাছাড় জেলা কমিটি। এদিন শিলচরের এক বাণিজ্যিক ভবনের সম্মেলনে কক্ষে জরুরি অবস্থার সময় বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার ও গণতান্ত্রিক অধিকার খর্বের প্রসঙ্গ তুলে ধরে তথ্য সংবলিত বক্তব্য পেশ করেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে জরুরি অবস্থা-বিরোধী আন্দোলনে অংশগ্ৰহণকারী ৩৫ জনের বেশি ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। আজকের কার্যসূচিতে প্রধান বক্তা অধ্যাপক দেবতোষ চক্রবর্তী বলেন, জরুরি অবস্থার ২১ মাসে মিসা আইনের অধীনে ব্যাপক গ্রেফতারি, সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য বক্তারা জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক ‘কালো অধ্যায়’ বলে অভিহিত করেন। এছাড়া দলের বর্ষীয়ান নেতা নিত্যভূষণ দে, উদয়শংকর গোস্বামী, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহাররঞ্জন দাস এবং বিমলেন্দু রায় সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
নিত্যভূষণ বলেন, ওই সময় কাছাড়ের কবীন্দ্র পুরকায়স্থ সহ বহু আন্দোলনকারীকে কারাবরণ করতে হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস