মাতৃ ও শিশুমৃত্যু রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমারের
শ্রীভূমি (অসম), ২৫ জুন (হি.স.) : মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে নিরাপদ মাতৃত্ব এবং নবজাতক ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরের গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ
শ্ৰীভূমি জেলাশাসকের পৌরোহিত্যে মাতৃ ও শিশুমৃত্যু সংক্ৰান্ত পর্যালোচনা সভা


শ্রীভূমি (অসম), ২৫ জুন (হি.স.) : মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে নিরাপদ মাতৃত্ব এবং নবজাতক ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরের গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলাশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী। সভায় জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংঘটিত মাতৃ ও শিশুমৃত্যুর ঘটনাগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। প্রতিটি ঘটনার সম্ভাব্য কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে এ ধরনের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সভায়।

সভায় মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি, গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা, প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী চিকিৎসা, নবজাতকের পরিচর্যা, উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের শনাক্তকরণ, সময়মতো উন্নত চিকিৎসাকেন্দ্রে রেফারেল ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশে বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে হবে এবং যে কোনও ধরনের ত্রুটি বা ঘাটতি দ্রুত চিহ্নিত করে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট দফতরের সমন্বিত উদ্যোগ, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া মাতৃ ও শিশুমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব নয় বলেও তিনি মত প্রকাশ করেন।

সভায় উপস্থিত স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রাতিষ্ঠানিক প্রসব, নবজাতকের নিবিড় পরিচর্যা, পুষ্টি, টিকাকরণ এবং সময়োপযোগী চিকিৎসা পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার সহকারী আয়ুক্ত শ্রাশিকা ইসলাম, যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা ডা. মতীন্দ্র সূত্রধর, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শাখার আধিকারিক, চিকিৎসক, স্টাফ নার্স এবং সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে নিয়মিত পর্যালোচনা, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande