
শ্রীভূমি (অসম), ২৫ জুন (হি.স.) : শ্রীভূমি শহরের পূর্ব কানিশাইল এলাকায় জনৈক ই-রিকশা চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া, পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুমন আলি। আজ সকালে পূর্ব কানিশাইল এলাকার একটি দোকানের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়েও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে ঘটনাকে কেন্দ্ৰ করে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীভূমি সদর থানার পুলিশ। প্ৰশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দেহটি শ্রীভূমি সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর পুলিশের জনৈক আধিকারিক জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ বা অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে, জানান পুলিশ অফিসার।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস