
- আইএএস রাহুলকুমার গুপ্তা কাছাড় এবং আইএএস জয় বিকাশ হাইলাকান্দির নতুন জেলাশাসক
গুয়াহাটি, ২৫ জুন (হি.স.) : অসমে বড়সড় প্রশাসনিক রদবদল করেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাত ৮টা ১২ মিনিট ২৭ সেকেন্ডে রাজ্য সরকারের কর্মচারী ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব সীমান্তকুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও জেলায় কর্মরত একাধিক আইএএস ও এসিএস আধিকারিককে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে বিশেষ মুখ্যসচিব সৈয়দাইন আব্বাসিকে গৃহ ও নগর বিষয়ক বিভাগের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেচ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ওম প্রকাশকে বদলি করে পরিবেশ ও বন বিভাগ এবং দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোগিতা বিভাগের কমিশনার–সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট কমিশনারদেরও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হোজাইয়ের ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক) দেবপ্রসাদ মিশ্রকে গৃহ (হোম) ও রাজনৈতিক বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে, চিরাঙের ডিস্ট্রিক্ট কমিশনার মধুসূদন নাথকে কৃষি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ধুবড়ির ডিস্ট্রিক্ট কমিশনার মেঘানিধি দাহালকে অর্থ বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে অসম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এআইডিসি)-এর ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। বরপেটার ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা-কে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে, কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার আয়ুষ গর্গকে সমগ্র শিক্ষা অসম মিশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। দক্ষিণ শালমারা-মানকাচরের ডিস্ট্রিক্ট কমিশনার রাহুলকুমার গুপ্তাকে কাছাড় জেলার নতুন ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়া, দিবাকর নাথকে ধুবড়ির ডিস্ট্রিক্ট কমিশনার, সৃষ্টি সিংকে মরিগাঁওয়ের ডিস্ট্রিক্ট কমিশনার, জয় বিকাশকে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার এবং পরীক্ষিত থৌদামকে দক্ষিণ শালমারা-মানকাচরের ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছে সরকার।
এসিএস ক্যাডারের ক্ষেত্রেও একাধিক বদলি হয়েছে। সঞ্জয় দত্তকে হোজাইয়ের ডিস্ট্রিক্ট কমিশনার, নবদ্বীপ পাঠককে বরপেটার ডিস্ট্রিক্ট কমিশনার, পুলক পাটগিরিকে ওদালগুড়ির ডিস্ট্রিক্ট কমিশনার, করবী শইকিয়া করণকে বিশ্বনাথের ডিস্ট্রিক্ট কমিশনার, লক্ষ্মীনন্দন শহরিয়াকে বঙাইগাঁওয়ের ডিস্ট্রিক্ট কমিশনার এবং গাকুলচন্দ্র ব্রহ্মকে চিরাঙের ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্ত বদলি ও নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস