
হাফলং (অসম), ২৫ জুন (হি.স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের শাসনকালের সাফল্য তুলে ধরতে আজ বৃহস্পতিবার হাফলঙে অবস্থিত কালচারাল ইনস্টিটিউট হল-এ বিজেপির ডিমা হাসাও জেলা কমিটির উদ্যোগে এক বুদ্ধিজীবী সম্মেলনের আয়োজন করা হয়।
‘ত্যাগ, সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর’ শীর্ষক এই অনুষ্ঠানের সূচনায় মোদী সরকারের আমলে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির ওপর একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা। উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যান মোহিত হোজাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা অধ্যাপক দীনেশ তিওয়ারি মোদী সরকারের গত ১২ বছরের শাসনামলে পরিকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিশ্বগুরু’ আখ্যা দিয়ে তাঁর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সভায় বক্তব্য পেশ করেছেন বিধায়ক রূপালি লাংথাসা এবং মোহিত হোজাই। তাঁরাও মোদী সরকারের গত ১২ বছরের বিভিন্ন সাফল্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন নেতা ও কার্যকর্তা, বুদ্ধিজীবী, সমাজসেবী এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীরা সুশাসন, উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, গত ১২ বছরে দেশজুড়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই বুদ্ধিজীবী সভার মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব