
হাফলং (অসম), ২৫ জুন (হি.স.) : আগামী ২৮ জুন অনুষ্ঠ্য় অসম বিশেষ শিক্ষক যোগ্যতা পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে জেলার শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ডিমা হাসাও জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-র ১৬৩ ধারা জারি করেছে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও জেলাশাসক গায়ত্রী দেবীদাস হায়লিঙ এক নির্দেশিকা জারি করে জানান, পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ পরিচালনা নিশ্চিত করার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ২৮ জুন পরীক্ষার দিন পিএম শ্রী সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাফলঙে অবস্থিত পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে এবং তার আশপাশ এলাকায় পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনা এবং তত্ত্বাবধানের কাজে নিয়োজিত আধিকারিক ও কর্মচারী ছাড়া অন্য কোনও ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা কর্তব্যরত পুলিশ, সেনা সদস্য এবং ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
জেলাশাসকের নির্দেশিকায় জানানো হয়েছে, পরিস্থিতির জরুরি প্রয়োজন বিবেচনায় একতরফাভাবে এই আদেশ জারি করা হয়েছে। তবে আদেশে ক্ষতিগ্রস্ত যে কোনও ব্যক্তি সংশোধন, মওকুফ, পরিবর্তন বা রদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, এই আদেশ ২৮ জুন ২০২৬ সকাল ৭.০০টা থেকে কার্যকর হবে এবং সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব