
ফতেহাবাদ, ২৫ জুন (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদ জেলার রতিয়া শহরে অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল। ওই সময় এক সার্ভিস স্টেশন মালিকের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এই পরিস্থিতিতে অল হরিয়ানা পিডব্লিউডি মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের রতিয়া শাখার একটি বৈঠক বৃহস্পতিবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি শমশের সিং কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কর্মচারীদের নিরাপত্তা ও সম্মান সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।
অভিযোগ, ২২ জুন হরিয়ানা সরকারের নির্দেশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মীরা রতিয়া শহরে অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছিলেন। সেই সময় টোহানা রোডের একটি সার্ভিস স্টেশনের মালিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই দিনই সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইউনিয়নের দাবি, অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশাসনের কাছে ৩০ জুনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, যাতে কর্মীরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন। বৈঠকে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ইউনিয়ন আন্দোলনের পথে যাবে। ইউনিয়ন নেতৃত্ব আরও জানিয়েছে, এরপরও ব্যবস্থা না হলে ১ জুলাইয়ের পর রতিয়া শহরে পানীয় জল ও স্যুয়েজ পরিষেবা বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এর জন্য সম্পূর্ণ দায় প্রশাসনের হবে বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস