
দেওরিয়া, ২৫ জুন (হি.স.) : উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় চারচাকা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। অপর এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গৌরীবাজার থানা এলাকার গৌরী খুর্দের কাছে এই দুর্ঘটনা ঘটে। পথরহাট এলাকার রোশন সিং (২৫) ও সাড়া গ্রামের রাহুল সিং (৩৫) একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুইজনই গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাঁদের মহর্ষি দেওরাহা বাবা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাঁদের গোরক্ষপুর মেডিক্যাল কলেজে রেফার করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গোরক্ষপুরে চিকিৎসাধীন অবস্থায় রাহুল সিংয়ের অবস্থার অবনতি হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে রোশন সিংয়ের চিকিৎসা এখনও চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস