
কলকাতা, ২৭ জুন (হি. স.) : বাংলার তরুণ বাঁ - হাতি পেস বোলার রবি কুমারের সামনে নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ। বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স আয়োজিত এমার্জিং মেনস টুর্নামেন্ট ২০২৬ - এর জন্য টিম ‘সি’-তে সে নির্বাচিত হয়েছেন। আগামী ৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অল ইন্ডিয়া জুনিয়র ও সিনিয়র নির্বাচক কমিটির যৌথ সিদ্ধান্তেই রবির নাম চূড়ান্ত হয়েছে।
গত কয়েক মরসুমে বাংলার অনূর্ধ্ব - ২৩ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স রবির এই স্বীকৃতির মূল ভিত্তি। নতুন বলে গতিময় বৈচিত্র্য ও নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়ার দক্ষতা নির্বাচকদের নজর কেড়েছে। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়েই আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে তিনি। ক্রিকেট মহলের মতে, এমার্জিং মেনস টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলে ভবিষ্যতে আরও বড় পর্যায়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে রবির সামনে। বাংলার ক্রিকেটেও তাঁর এই নির্বাচন ইতিবাচক বার্তা বহন করছে। তরুণ এই পেসারের দিকে এখন স্বাভাবিকভাবেই নজর থাকবে রাজ্যের ক্রিকেটপ্রেমীদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত