কর্নাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ওমনি ভ্যানে মালবাহী গাড়ির ধাক্কায় মৃত ৫
কোপ্পাল, ২৭ জুন (হি. স.) : শনিবার সকালে কর্নাটকের কোপ্পাল জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কুকনুর তালুকের ভানাপুর এলাকায় ৬৩ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স
কর্নাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা


কোপ্পাল, ২৭ জুন (হি. স.) : শনিবার সকালে কর্নাটকের কোপ্পাল জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কুকনুর তালুকের ভানাপুর এলাকায় ৬৩ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাভেরি জেলার রট্টিহল্লি তালুকের কব্বার গ্রামের একটি পরিবার ওমনি ভ্যানে চড়ে মন্ত্রালয়ম মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় উল্টো দিকের রাস্তা দিয়ে আসা একটি অশোক লেল্যান্ড মালবাহী গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি ডিভাইডার টপকে এসে সরাসরি উল্টো দিক থেকে আসা ওমনি ভ্যানটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, ওমনি ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

মৃতদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন— কেনচাম্মা বালেকায়ী (৩৫), অমৃতা কোট্যাল (২৫), রমেশ বল্লারী (৪৫), প্রবীণ বালেকায়ী (৪০) এবং চিন্ময়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের সহায়তায় আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কোপ্পাল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের একাংশের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্যদিকে, খবর পেয়েই কুকনুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande