
সিমলা, ২৭ জুন (হি. স.) : হিমাচল প্রদেশের সিমলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সিমলার রামপুর সাব-ডিপার্টমেন্টের উরমান এলাকায় একটি দুধের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুধ বোঝাই পিকআপ ভ্যানটি রামপুর থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে টাকলেচের দিকে যাচ্ছিল। উরমান এলাকার কাছে পৌঁছলে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে সোজা গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। খাদ থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি