জলমগ্ন ডাইভারশন, বন্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ
আলিপুরদুয়ার, ২৮ জুন (হি.স.): ভারী বৃষ্টিপাতের জের। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ সড়কের চরতোর্ষা নদীর ওপর তৈরি ডাইভারশনটি রবিবার বেলার দিকে জলের নিচে তলিয়ে যায়। জলের তোড়ে ডাইভারশনের একাংশ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে স্তব্ধ হয়
জলমগ্ন ডাইভারশন, বন্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ


আলিপুরদুয়ার, ২৮ জুন (হি.স.): ভারী বৃষ্টিপাতের জের। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ সড়কের চরতোর্ষা নদীর ওপর তৈরি ডাইভারশনটি রবিবার বেলার দিকে জলের নিচে তলিয়ে যায়। জলের তোড়ে ডাইভারশনের একাংশ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলাচল করলেও, বেলার দিকে চরতোর্ষা নদীর জলস্তর করে বাড়তে থাকে। এরপরই ডাইভারশনটি প্লাবিত হয় এবং তার একটি অংশ ধসে যায়। তারপরেই ওই রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা আচমকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সকালে অনেক কৃষক তাঁদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে ফালাকাটা বাজারে গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েন। নিরুপায় হয়ে বহু মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে তীব্র জলস্রোত পেরিয়ে নদী পার করার চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এই এলাকায় একই দুর্দশার চিত্র ফুটে ওঠে। অথচ স্থায়ী কোনও সমাধান করা হয় না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande