
ভাগলপুর, ৩ জুন ( হি.স.): বিহারের ভাগলপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। ২৯ মে হওয়া এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক ট্রাক চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নন্দলাল শাহ। সে বাঁকা জেলার বেলহর থানার অন্তর্গত তেলডিহা গ্রামের বাসিন্দা ।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দলাল পেশায় একজন ট্রাক চালক ছিল। ২৯ মে সে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে যাচ্ছিল। সেই সময় সরাই কেল্লা পেট্রোল পাম্পের কাছে নিজের ট্রাকটি দাঁড় করিয়ে কেবিনের ভেতরে থাকাকালীন অপরদিকে থেকে ধেয়ে আসে একটি বেপরোয়া গতির ট্রাক এবং মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ট্রাক চালক।
দুর্ঘটনায় নন্দলাল শাহ গুরুতরভাবে আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় ভাগলপুরের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার তার মৃত্যু হয়। পলাতক ট্রাক চালককে ধরতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক