মালব্য নগরের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ রাহুল গান্ধীর, কংগ্রেস কর্মীদের ত্রাণকাজে নামার আহ্বান
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক্স-এ করা এক বার্তায় তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কংগ্রেস কর
মালব্য নগরের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ রাহুল গান্ধীর, কংগ্রেস কর্মীদের ত্রাণকাজে নামার আহ্বান


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক্স-এ করা এক বার্তায় তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কংগ্রেস কর্মীদের উদ্ধার ও ত্রাণকার্যে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাহুল গান্ধী লিখেছেন, “দিল্লির মালব্য নগরে আগুন লাগার ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। সমস্ত কংগ্রেস কর্মীদের অনুরোধ করছি, তাঁরা যেন ত্রাণ ও উদ্ধারকাজে সর্বতোভাবে সহযোগিতা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

প্রসঙ্গত, বুধবার সকালে মালব্য নগরের লেমন গ্রিন নামে একটি পাঁচতলা রেস্তোরাঁয় আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভবনের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ৪৭ জনকে নিরাপদে বের করে আনা হয়। তবে শেষ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে আটটার কিছু পরে বেসমেন্টে আগুন দেখা যায়। দ্রুত ধোঁয়ায় ভরে যায় গোটা ভবন। ফলে ভিতরে আটকে পড়েন বহু মানুষ। দমকল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ চালানো হয়।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande