
কলকাতা, ৩০ জুন (হি. স.) : কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে মঙ্গলবার বিজেপি টিচার্স' সেল, পশ্চিমবঙ্গের উদ্যোগে আয়োজিত হয়েছে - ‘টিচার্স’ মিট অ্যান্ড ফেলিসিটেশন সেরিমনি’। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিক্ষক - শিক্ষিকা এবং শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। ওই অনুষ্ঠানে শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে।
ওই সভায় শমীক ভট্টাচার্য শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার উন্নয়নে নতুন অঙ্গীকারের বার্তা দেন। তাঁর বক্তব্য, একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনের ভিত্তি হল শিক্ষা, আর সেই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষকরা। তাই তাঁদের মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই প্রসঙ্গে বলেন, - শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে। তাই তাঁদের প্রাপ্য সম্মান, নিরাপদ কর্মপরিবেশ এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি জানানো হয়। পাশাপাশি আধুনিক, স্বচ্ছ এবং ছাত্র - শিক্ষক বান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও সমানভাবে যে গুরুত্বপূর্ণ তা উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত