
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর আওতায় ব্রিটেন ও অস্ট্রেলিয়ার তিনটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে ভারতে নিজস্ব ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় শিক্ষার্থীরা দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে উচ্চশিক্ষা বিভাগের সচিব তথা ইউজিসি চেয়ারম্যান ড. বিনীত জোশি আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব ইয়র্ক এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিদের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির ভারতে আগমন জাতীয় শিক্ষা নীতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য—শিক্ষার আন্তর্জাতিকীকরণ—বাস্তবায়নের পথে বড় সাফল্য। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক শিক্ষাবিনিময়ের সুযোগ আরও প্রসারিত হবে।
এদিন সরকারি সূত্রে জানা গিয়েছে, ইউনিভার্সিটি অব ব্রিস্টল এবং ইউনিভার্সিটি অব ইয়র্ক মুম্বইয়ে তাদের ক্যাম্পাস গড়ে তুলবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস বেঙ্গালুরুর মন্যাতা বিজনেস পার্কে ২০২৬ সালের আগস্ট মাস থেকে শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা করেছে।
ব্রিস্টলের ভারতীয় ক্যাম্পাসে ডেটা সায়েন্স, অর্থনীতি, ফিন্যান্স, ব্যবসা পরিচালনা, উদ্যোগ ও উদ্ভাবন এবং ইমার্সিভ আর্টসের মতো বিষয় পড়ানো হবে। ইউনিভার্সিটি অব ইয়র্কের মুম্বই ক্যাম্পাসে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ কম্পিউটার বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, ব্যবসা, অর্থনীতি এবং সৃজনশীল শিল্পের ওপর বিভিন্ন কোর্স চালু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের বেঙ্গালুরু ক্যাম্পাসে ব্যবসা শিক্ষা, কম্পিউটার বিজ্ঞান ও সাইবার নিরাপত্তার পাশাপাশি নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য, পরিবহণ এবং শিক্ষাক্ষেত্রে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রকের মতে, এই উদ্যোগ ভারত ও ব্রিটেন-অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রের সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমবে।
উল্লেখ্য, এই তিন বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার ফলে ইউজিসি-র বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নীতির আওতায় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে। এর আগে ইউনিভার্সিটি অব সাউদাম্পটন এবং ইউনিভার্সিটি অব লিভারপুলকে অনুমোদন দেওয়া হয়েছিল। ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ইতিমধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভারতে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য