
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): কেন্দ্রের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করে কংগ্রেস দাবি করেছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কৃষিক্ষেত্রের দুরবস্থার কারণে দেশ ক্রমশ গভীর অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। সরকারের ব্যর্থতার জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ দলের।
বুধবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেন, গত ৪৪ মাসের মধ্যে সর্বোচ্চ পাইকারি মূল্যস্ফীতি (৯.৮৭ শতাংশ) রেকর্ড হয়েছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের দাম ২৭.৪ শতাংশ বেড়েছে এবং চলতি মরসুমে কৃষিক্ষেত্রে বপনের পরিমাণও গত তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
জয়রাম রমেশের অভিযোগ, লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একই সঙ্গে কৃষকরাও সরকারের ভুল নীতি এবং প্রতিকূল আবহাওয়ার জোড়া ধাক্কায় বিপাকে পড়েছেন। তাঁর দাবি, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে শিল্পক্ষেত্রেও চাপ বেড়েছে, অথচ পরিস্থিতি সামাল দেওয়ার বদলে সরকার প্রকৃত অর্থনৈতিক চিত্র আড়াল করার চেষ্টা করছে।
কংগ্রেস নেতার দাবি, পাইকারি মূল্যস্ফীতির সাম্প্রতিক পরিসংখ্যান কেন্দ্রের অর্থনৈতিক নীতির ব্যর্থতারই প্রতিফলন। তাঁর প্রশ্ন, দেশের বিভিন্ন স্তরের মানুষ যখন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক চাপে জর্জরিত, তখন কেন্দ্র সরকারের অগ্রাধিকার আসলে কী? ১২ বছর ক্ষমতায় থাকার পর এই পরিস্থিতির জন্য সরকারের জবাবদিহি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য