এক মাসে সাফল্যের দাবি, কেরলমের ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা
তিরুবনন্তপুরম, ১৫ জুলাই (হি.স.): কেরলম সরকারের মহিলাদের জন্য চালু করা ‘প্রিয়দর্শিনী’ বিনামূল্যে বাসযাত্রা প্রকল্প এক মাস পূর্ণ করেছে। বুধবার রাজ্য সরকার দাবি করেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এই প্রকল্প ইতিমধ্যেই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারে
কেরলমের ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা


তিরুবনন্তপুরম, ১৫ জুলাই (হি.স.): কেরলম সরকারের মহিলাদের জন্য চালু করা ‘প্রিয়দর্শিনী’ বিনামূল্যে বাসযাত্রা প্রকল্প এক মাস পূর্ণ করেছে। বুধবার রাজ্য সরকার দাবি করেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এই প্রকল্প ইতিমধ্যেই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বহু মহিলার আর্থিক স্বস্তি এনে দিয়েছে।

পরিবহণ দফতরের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের যাতায়াতের মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে তাঁদের আয়ের বড় অংশ সঞ্চয় করা সম্ভব হচ্ছে, যা পারিবারিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

রাজ্যের পরিবহণমন্ত্রী সি. পি. জন জানান, মাসে ৮,০০০ থেকে ১২,০০০ টাকা আয় করা মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। তাঁর দাবি, যাতায়াত ব্যয় কমে যাওয়ায় তাঁদের ব্যবহারযোগ্য আয় কার্যত ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, ক্যানসার ও লিভারের রোগে আক্রান্ত রোগী এবং তাঁদের পরিচর্যাকারীদের জন্যও এই প্রকল্প বিশেষভাবে সহায়ক হয়েছে। সরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসার জন্য যাতায়াতের খরচ কমে যাওয়ায় বহু পরিবারের আর্থিক চাপ হ্রাস পেয়েছে।

তবে সরকার স্বীকার করেছে, এই প্রকল্পের প্রভাব বেসরকারি বাস পরিষেবার উপরও পড়েছে। সেই কারণে বেসরকারি বাস মালিকদের সমস্যাগুলি খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত ডিজিপি পদ্মকুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

পরিবহণমন্ত্রীর দাবি, প্রকল্পটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুরুতে বিরোধিতার সুর থাকলেও এখন আর ইউডিএফ বা বিজেপি—কোনও পক্ষই এর বিরোধিতা করছে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে এর জন্য কেরলম স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি বেসরকারি পরিবহণ ক্ষেত্রের উদ্বেগগুলিও বিবেচনায় নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande