
কলকাতা, ১৫ জুলাই (হি. স. ) : দীর্ঘদিন ধরেই ডিজে মামলায় কণ্ঠস্বর রেকর্ড নিয়ে টালবাহানা করছিলেন কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছুটেছিলেন হাই কোর্টেও। আদালতের ধমক খেয়ে অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিতেই হল ‘যুবরাজ’কে।
বুধবার বেলা ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। নির্ধারিত সময়ের আগেই বিধাননগর আদালতে পৌঁছন তিনি। দেড় ঘণ্টা পর আদালত থেকে বের হন অভিষেক।
ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা না দেওয়ার আর্জি জানিয়ে অভিষেক হাইকোর্টে গিয়েছিলেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই নির্দেশের পরই অভিষেককে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “যার ভয় থাকে, মানুষ উত্তর চাইলে জবাব দেয় না। কোর্ট নির্দেশ দেওয়ার পরও সহযোগিতা করছে না। যারা সৎ তারা ভয় পায় না। সাধারণ মানুষ ভয় পায় না। যারা চোর, তাদের ভয় থাকে। যিনি ভয় পাচ্ছেন, বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত