
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দেশের একাধিক প্রবীণ নেতা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সুস্থ, দীর্ঘায়ু ও সফল জীবন কামনা করেছেন।
বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটকে উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি মুখ্যমন্ত্রীর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরের কাছে তাঁর উত্তম স্বাস্থ্য, সুখ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদীর মার্গদর্শনে তিনি গুজরাটের উন্নয়ন যাত্রাকে নিরন্তর এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ভগবান সোমনাথ মহাদেবের কাছে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি ভূপেন্দ্রভাই প্যাটেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবন প্রার্থনা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভূপেন্দ্র প্যাটেল প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে গুজরাটের বিকাশকে নতুন গতি দিতে এবং সুশাসনের ভাবনাকে শক্তিশালী করতে ক্রমাগত কাজ করে চলেছেন। তিনি জনসেবায় উৎসর্গীকৃত মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, রাজ্যের ধারাবাহিক উন্নয়ন এবং জনকল্যাণের প্রতি আপনার দায়বদ্ধতা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, প্রভু শ্রীরামের কৃপাদৃষ্টি সর্বদা আপনার ওপর বজায় থাকবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শুভেচ্ছা জানিয়ে বলেন, দ্বারকাধীশ ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে উত্তম স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখময় জীবনের আশীর্বাদ দান করেন। আপনার দক্ষ নেতৃত্বে গুজরাট প্রগতি ও জনকল্যাণের নতুন নতুন কীর্তি স্থাপন করুক।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের জন্মদিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাঁরা গুজরাটের মুখ্যমন্ত্রীর নেতৃত্ব এবং উন্নয়নমূলক কাজের প্রতি গভীর আস্থা ও সম্মান প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি