ঘুষের অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১৫ জুলাই (হি.স.): সরকারি দফতরে দুর্নীতি রুখতে এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার। ঘুষ দাবি বা গ্রহণের অভিযোগ জানাতে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের সব সরক
ঘুষের অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল তামিলনাড়ু সরকার


চেন্নাই, ১৫ জুলাই (হি.স.): সরকারি দফতরে দুর্নীতি রুখতে এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার। ঘুষ দাবি বা গ্রহণের অভিযোগ জানাতে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের সব সরকারি দফতর ও জনসমাগমস্থলে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক বোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব এম. সাই কুমার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত জেলা শাসক, দফতরের প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী বা আধিকারিক কাজের বিনিময়ে ঘুষ দাবি করলে সাধারণ মানুষ ৯৪৯৮১৮০৯৩৬ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি সরকারি অফিসে দৃশ্যমান স্থানে ঘুষ দেওয়া ও নেওয়া—উভয়ই অপরাধ লেখা বোর্ড টাঙাতে হবে। পাশাপাশি, কীভাবে দুর্নীতির অভিযোগ জানানো যাবে, সে সম্পর্কেও তথ্য স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগেও এমন নির্দেশ জারি হলেও বহু সরকারি দফতরে তা কার্যকরভাবে মানা হয়নি। তাই এবার প্রতিটি দফতরকে নির্দেশ পালনের পাশাপাশি তার বাস্তবায়ন-সংক্রান্ত রিপোর্টও রাজ্য সরকারকে জমা দিতে হবে।

সরকার আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরের পাশাপাশি দুর্নীতি দমন ও সতর্কতা দফতর (ডিভিএসি)-এর ওয়েবসাইটের তথ্যও সব সরকারি দফতরের ওয়েবসাইটে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অভিযোগ জানাতে পারেন।

হোয়াটসঅ্যাপ ছাড়াও ই-মেল, হেল্পলাইন এবং সরাসরি বা ডাকযোগেও দুর্নীতির অভিযোগ জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পর্যবেক্ষণ শাখা ও নজরদারি কমিটিকে সরকারি দফতরগুলিতে আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করা এবং সাধারণ মানুষের কাছে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন পৌঁছে দেওয়াই লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande