অণ্ডালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, আহত ২ ইসিএল কর্মী
অণ্ডাল, ১৫ জুলাই (হি.স.): বুধবার সাতসকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুরের অণ্ডাল। অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড)-এর একটি বহু পুরনো জলের ট্যাঙ্ক আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় ইসিএল-এর দ
অণ্ডালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, আহত ২ ইসিএল কর্মী


অণ্ডাল, ১৫ জুলাই (হি.স.): বুধবার সাতসকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুরের অণ্ডাল। অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড)-এর একটি বহু পুরনো জলের ট্যাঙ্ক আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় ইসিএল-এর দুই মহিলা কর্মী গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আচমকাই বিকট শব্দে জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ধ্বংসস্তূপের মধ্য থেকে ইসিএল-এর দুই কর্মী সঙ্গীতা দেবী এবং প্রভাবতী ভুঁইঞাকে উদ্ধার করেন। তাঁদের তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

কোলিয়ারি এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই জলের ট্যাঙ্কটি প্রায় ৭০ বছরের পুরনো। দীর্ঘদিন ধরে এটি সংস্কার বা মেরামত করা হয়নি। কর্তৃপক্ষের চরম গাফিলতি ও রক্ষণাবেক্ষণের অভাবেই এদিন এই দুর্ঘটনা ঘটেছে। ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, আজ ভাগ্য ভালো থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, কোলিয়ারি এলাকায় এমন বহু পুরনো জরাজীর্ণ আবাসন ও নির্মাণ রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় শ্রমিকদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। অবিলম্বে এই সমস্ত পুরনো ও বিপজ্জনক কাঠামোগুলির সংস্কার এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে তারা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande