
মুম্বই, ২ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির মধ্যেই বিশালাকার একটি গাছ ভেঙে বিপত্তি মুম্বইয়ে! বুধবার সকালে মুম্বইয়ের চার্জগেট এলাকায় উপড়ে পড়ে গাছটি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। তবে, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মুম্বই জুড়ে ভারী বৃষ্টির মধ্যেই চার্চগেট স্টেশনের কাছে গাছ উপড়ে পড়ে।
রাজু নামে একজন নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, 'সকাল ৮টায় ডিউটিতে এসে দেখি, গাছটা রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেতরে কেউ ছিল না। গাছটা বেশ পুরোনো ছিল; একদিকে হেলে পড়তে শুরু করেছিল, যে কারণে গাছটি পড়ে গেল।
উল্লেখ্য, বুধবার ভোররাত থেকেই মুম্বইজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে বাণিজ্যনগরীর বিভিন্ন স্থানে রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে মুম্বইবাসীকে। প্রবল বৃষ্টিতে জল জমা রাস্তায় হাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই কলেজছাত্রী। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের সিয়ন-পানভেল মহাসড়কের নেরুল এলপি ব্রিজের নীচে ঘটনাটি ঘটে। দ্রুত তরুণীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, দু’জনই আপাতত বিপদমুক্ত। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরে মাটির নীচে থাকা বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে জল এসে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ