
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দিল্লির খুব কাছে এসে গেল বর্ষা। একইসঙ্গে বদলে গেল আবহাওয়াও। বৃহস্পতিবার সকালে দিল্লির মোতি বাগ, চাণক্যপুরী, মহাত্মা গান্ধী মার্গ, যন্তর মন্তর-সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির দরুণ গরম থেকে স্বস্তি মিলেছে, ভ্যাপসা গরমও উধাও হয়ে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে,৭ জুলাই পর্যন্ত দিল্লিতে প্রতিদিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ৩ অথবা ৪ জুলাই নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে দিল্লি ও সংলগ্ন এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ