
মুম্বই, ২ জুলাই (হি.স.): ফের অবিশ্রান্ত বৃষ্টি বাণিজ্যনগরী মুম্বইয়ে। বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে, টানা বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে যায়, ফলে দুর্ভোগে পড়তে মুম্বইবাসীকে। আন্ধেরি এলাকায় আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ে, মুষলধারে বৃষ্টির মধ্যেই ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ের কিং সার্কেল, গান্ধী মার্কেট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
মুম্বইয়ে অব্যাহত ভারী বর্ষণের ফলে দাদর স্টেশনে রেললাইন জলমগ্ন হয়ে পড়েছে। দাদরের হিন্দু কলোনিতেও জল জমে গিয়েছে। প্রভাদেবী এলাকায় রাস্তায় জমে থাকা জল পেরিয়েই যাতায়াত করেন মুম্বইবাসী। আবার এসজি বারভে রোড, সিন্ধি সোসাইটি, চেম্বুর প্রভৃতি এলাকাও জলের তলায়। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বই-সহ পার্শ্ববর্তী জেলাগুলি যেমন রায়গড়, পালঘর ও থানেতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ