মহাদেবের কৃপায় সুস্থ হয়ে তারকেশ্বরের পথে দণ্ডী কেটে চলেছেন যুবক, সঙ্গী ভাই ও পোষ্য কুকুর
আরামবাগ, ২৩ জুলাই (হি.স.): অদম্য ইচ্ছাশক্তি ও গভীর ভক্তির এক অনন্য নজির দেখা গেল গোঘাট এলাকায়। পশ্চিম মেদিনীপুরের গরবেতা থেকে তারকেশ্বরের বাবা তারকনাথের দর্শনের উদ্দেশ্যে দণ্ডী কেটে কেটে দীর্ঘ পথ অতিক্রম করছেন রাম সিং নামে এক যুবক। জানা গিয়েছে,
তারকেশ্বরের উদ্দেশ্যে  রাম সিং


আরামবাগ, ২৩ জুলাই (হি.স.): অদম্য ইচ্ছাশক্তি ও গভীর ভক্তির এক অনন্য নজির দেখা গেল গোঘাট এলাকায়। পশ্চিম মেদিনীপুরের গরবেতা থেকে তারকেশ্বরের বাবা তারকনাথের দর্শনের উদ্দেশ্যে দণ্ডী কেটে কেটে দীর্ঘ পথ অতিক্রম করছেন রাম সিং নামে এক যুবক।

জানা গিয়েছে, দীর্ঘদিন পায়ের সমস্যায় ভুগছিলেন তিনি। মহাদেবের কৃপায় সুস্থ হয়ে ওঠার পর মানত পূরণের লক্ষ্যে গরবেতা থেকে তারকেশ্বর পর্যন্ত দণ্ডী কেটে যাওয়ার সংকল্প নেন। সেই অনুযায়ী বিগত সাত দিন ধরে তিনি একনাগাড়ে যাত্রা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার তিনি গোঘাটের কাঁটালী এলাকা অতিক্রম করেন।

রাম সিং জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যে তারকেশ্বর মন্দিরে পৌঁছে বাবা ভোলানাথের চরণে প্রণাম জানানোই তাঁর লক্ষ্য। এই কঠিন যাত্রাপথে তাঁর পাশে রয়েছেন তাঁর ভাই। তবে সবচেয়ে আকর্ষণের বিষয়, তাঁদের সঙ্গে রয়েছে একটি পোষ্য কুকুর। দণ্ডী যাত্রার সময় পোষ্যটি সামনে সামনে চলতে চলতে যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর তার পেছনেই এগিয়ে চলেছেন রাম সিং।

এই বিরল দৃশ্য দেখতে পথের ধারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই তাঁর অদম্য মানসিক শক্তি, ভক্তি ও নিষ্ঠার প্রশংসা করেছেন। শ্রাবণ মাসে তারকেশ্বরমুখী ভক্তদের ভিড়ের মধ্যেই রাম সিংয়ের এই দণ্ডী যাত্রা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande