
দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা), ২৩ জুলাই (হি. স.) : রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিসগুলিতে পুলিশের একযোগে তল্লাশি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অধীন ১৩টি গ্রাম পঞ্চায়েতে অভিযান শুরু হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হওয়া এই অভিযানে পুলিশ জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার বাজেয়াপ্ত করার কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত জন্ম ও মৃত্যু শংসাপত্রের নিবন্ধন খাতা পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিতে কোনও অসঙ্গতি বা অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেগঙ্গা ১ নম্বর ব্লকের ৯টি এবং দেগঙ্গা ২ নম্বর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই তল্লাশি চলছে।এদিকে, এই অভিযান নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। হাড়োয়া ২ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্ত দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময় বহু বাংলাদেশি নাগরিকের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়