
কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : উত্তরবঙ্গে পর্যটন শিল্পকে নতুন দিশা দিতে আটটি জেলায় ১০০টি আধুনিক পর্যটন তথ্য কেন্দ্র (ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার) গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট আলোচনার জবাবে এই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
তিনি জানান, এই কেন্দ্রগুলির মাধ্যমে পর্যটকেরা দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা, থাকার জায়গা সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য এক ছাদের তলাতেই পেয়ে যাবেন। প্রতিটি জেলায় অন্তত ৮টি করে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে এবং এর বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরে বিধানসভা চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, বেশিরভাগ তথ্য কেন্দ্রই ডুয়ার্স ও বনসংলগ্ন এলাকায় তৈরি হবে। জঙ্গলের দীর্ঘ যে পথগুলিতে হোটেল, রেস্তোরাঁ বা মৌলিক সুবিধা নেই, সেখানেও এই কেন্দ্রগুলি পর্যটকদের সহায়তায় কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ক্যাফেটেরিয়া, হোমস্টে এবং আধুনিক শৌচাগারের ব্যবস্থা থাকবে।
পাশাপাশি অসম-উত্তরবঙ্গ সীমান্তে বক্সিরহাটে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে একটি বর্ণাঢ্য প্রবেশদ্বার নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য রেকর্ড ১৮০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
পূর্ববর্তী সরকারের সময়ে উত্তরবঙ্গ উপেক্ষিত হয়েছিল বলে দাবি করে তিনি জানান, দপ্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এ পর্যন্ত ১২২টি সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 'ব্ল্যাকলিস্ট' করা হয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে সমানভাবে উন্নয়নের কাজ করাই সরকারের লক্ষ্য বলে তিনি স্পষ্ট জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি