জঙ্গলমহলের পর্যটন বিকাশে একাধিক প্রস্তাব, লোধা-শবর তহবিলের নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি বিধায়কের
ঝাড়গ্রাম, ২৩ জুলাই(হি. স.): রাজ্যের বাজেট অধিবেশনে পর্যটন দফতরের অনুদানের দাবির উপর আলোচনায় অংশ নিয়ে জঙ্গলমহলের পর্যটন শিল্পের বিকাশে একাধিক প্রস্তাব পেশ করলেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। পাশাপাশি, লোধা-শবর উন্নয়ন পর্ষদের তহবিল
জঙ্গলমহলের পর্যটন বিকাশে একাধিক প্রস্তাব, লোধা-শবর তহবিলের নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি বিধায়কের


ঝাড়গ্রাম, ২৩ জুলাই(হি. স.): রাজ্যের বাজেট অধিবেশনে পর্যটন দফতরের অনুদানের দাবির উপর আলোচনায় অংশ নিয়ে জঙ্গলমহলের পর্যটন শিল্পের বিকাশে একাধিক প্রস্তাব পেশ করলেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। পাশাপাশি, লোধা-শবর উন্নয়ন পর্ষদের তহবিল ব্যবহারের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি।

বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীকান্ত সাউ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে সমৃদ্ধ ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। তবে এখনও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে শৌচালয়ের সংখ্যা অপ্রতুল এবং অনেক ক্ষেত্রেই সেগুলির অবস্থা বেহাল বলে অভিযোগ করেন তিনি। এর ফলে বিশেষ করে মহিলা ও প্রবীণ পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান বিধায়ক।

ঝাড়গ্রামে টাইগার সাফারি গড়ে তোলার উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঝাড়গ্রাম ও লালগড় রাজবাড়িকে সংলগ্ন জঙ্গলাঞ্চলের সঙ্গে যুক্ত করে একটি হেরিটেজ ও ইকো-ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হলে পর্যটনের আরও প্রসার ঘটবে।

এদিন কংসাবতী নদীর বৈতা ও সাতপাটি এলাকায় নৌবিহার চালু, ঝাড়গ্রাম পৌরসভাকে ‘পর্যটন নগরী’ হিসেবে ঘোষণা করে বিশেষ আর্থিক বরাদ্দ, হোমস্টের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াতের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান তিনি। পাশাপাশি, গোপীবল্লভপুরের হাতিবাড়ি এলাকায় পর্যটনের আরও বিকাশ এবং নৌবিহারের সুযোগ সম্প্রসারণের প্রস্তাবও দেন বিধায়ক।

বক্তব্যের শেষ পর্যায়ে লোধা-শবর উন্নয়ন পর্ষদের তহবিল ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন লক্ষ্মীকান্ত সাউ। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বরাদ্দ বিপুল পরিমাণ অর্থের যথাযথ ব্যবহার হয়নি। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, এখনও বহু লোধা-শবর পরিবার চরম আর্থিক সঙ্কটের মধ্যে বসবাস করছে। তাঁদের প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি বলেও বিধানসভায় দাবি জানান ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande