
কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস গড়ার পর এ বার বিশ্বমঞ্চে নজর তাহুরা খাতুনের। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের প্রত্যন্ত ফুলবাড়ি গ্রামের ১৯ বছরের এই অ্যাথলিটই পশ্চিমবঙ্গের প্রথম ক্রীড়াবিদ, যিনি বিশ্ব অনূর্ধ্ব - ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ওরেগনে আসন্ন প্রতিযোগিতায় মিক্সড ৪x৪০০ মিটার রিলেতে দেশের হয়ে সে নামছে। তাহুরার কথায়, আপাতত লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়। তবে তাঁর চূড়ান্ত স্বপ্ন অলিম্পিকে দেশের হয়ে সোনার পদক জেতা। সম্প্রতি এশিয়ান অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে তিনি বিশ্ব প্রতিযোগিতার ছাড়পত্র পান। পরে রাজ্য মিটেও নতুন মিট রেকর্ড গড়ে সোনা জিতে আত্মবিশ্বাস আরও বেড়েছে তাঁর।
উল্লেখ্য, বিগত পাঁচ বছর ধরেই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল কেন্দ্রে কোচ সঞ্জয় ঘোষ ও জসপাল সিং পান্নুর তত্ত্বাবধানে অনুশীলন করছেন তাহুরা। একদা আর্থিক সঙ্কটের কারণে প্রশিক্ষণ চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল। এসএআই-এ সুযোগ পাওয়ার পরই বদলে যায় তাঁর জীবন। ছোটবেলায় পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলেই খেলাধুলার জগতে হাতেখড়ি। এখন তাঁর আশা, তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে বাংলার আরও অনেক তরুণ-তরুণী অ্যাথলেটিক্সকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত