
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): যন্তর-মন্তরে যাতায়াতের পথে সাধারণ মানুষকে বাধা দেওয়ার অভিযোগ তুলে দিল্লি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দাবি করল ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)।
শনিবার ‘এক্স’-এ বিবৃতি প্রকাশ করে সিজেপি যন্তর-মন্তরের আশপাশে পুলিশের তৈরি করা ‘ভয় ও অবরোধের পরিবেশের’ তীব্র নিন্দা জানায়। তাদের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পড়ুয়া, অভিভাবক, শিক্ষক ও সাধারণ নাগরিক যন্তর-মন্তরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদে সহযোগিতা করার পরিবর্তে দিল্লি পুলিশ নাগরিকদের বেআইনিভাবে আটক করছে এবং ভয় দেখাচ্ছে।
সিজেপির আরও অভিযোগ, আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবকদের বাধা দেওয়া হচ্ছে। পানীয় জল, ওষুধ, পরিচ্ছন্নতার সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি করা হচ্ছে। তাদের দাবি, এর ফলে যন্তর-মন্তর কার্যত অবরুদ্ধ করে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উল্লেখ করে সিজেপি দাবি করে, শান্তিপূর্ণ প্রতিবাদ ভারতের সাংবিধানিক গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। যন্তর-মন্তর কোনও সামরিক এলাকা বা জেল নয়, বরং গণতান্ত্রিক প্রতিবাদের জন্য নির্ধারিত স্থান। পুলিশের কাজ শান্তিপূর্ণ জমায়েতকে সুশৃঙ্খল করা, ভয়, অনাহার ও বিচ্ছিন্নতার মাধ্যমে আন্দোলন দমন করা নয়।
দিল্লি পুলিশ কমিশনারের কাছে সিজেপির দাবি, সাধারণ মানুষকে যন্তর-মন্তরে যেতে বাধা দেওয়া এবং ভয় দেখানো অবিলম্বে বন্ধ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হোক। খাবার, পানীয় জল, ওষুধ ও চিকিৎসা পরিষেবার সরবরাহে থাকা বাধা সরানো হোক। স্বেচ্ছাসেবক, পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিক এবং চিকিৎসাকর্মীদের কোনও বাধা ছাড়াই বিক্ষোভস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
সংবিধানের মূল চেতনার প্রতি সম্মান জানিয়ে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার রক্ষারও দাবি জানিয়েছে সিজেপি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য