বিকল্প মাছ চাষের পথ দেখাচ্ছেন গোঘাটের ভাস্কর মন্ডল
আরামবাগ , ২৫জুলাই (হি.স.): বিকল্প কৃষিতে সাফল্যের অনন্য নজির গড়েছেন হুগলির গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের কামাল চক এলাকার বাসিন্দা ভাস্কর মণ্ডল। দারিদ্র্য ও প্রতিকূলতাকে হার মানিয়ে আজ তিনি একজন সফল দেশি মাগুর মাছ চাষি এবং মাছের চারা উৎপাদনকার
মাগুর মাছের কৃত্রিম প্রজনন


আরামবাগ , ২৫জুলাই (হি.স.): বিকল্প কৃষিতে সাফল্যের অনন্য নজির গড়েছেন হুগলির গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের কামাল চক এলাকার বাসিন্দা ভাস্কর মণ্ডল। দারিদ্র্য ও প্রতিকূলতাকে হার মানিয়ে আজ তিনি একজন সফল দেশি মাগুর মাছ চাষি এবং মাছের চারা উৎপাদনকারী হিসেবে পরিচিতি পেয়েছেন।

শৈশবেই পিতা-মাতাকে হারিয়ে কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন ভাস্করবাবু। জীবিকার নতুন পথ খুঁজতে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশি মাগুর মাছ চাষ শুরু করেন। বর্তমানে প্রায় ১০ বিঘা জমিতে মাছ চাষের পাশাপাশি উন্নত মানের মাছের চারা উৎপাদন করে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। শনিবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে ভাস্কর মন্ডল জানান , “জলকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কৃষিতেও নতুন সম্ভাবনা তৈরি হয়। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে বিকল্প চাষে ভালো আয় সম্ভব, পাশাপাশি বেকারত্বও কমানো যায়।”

বর্তমানে তাঁর পরিবারের সকল সদস্য এই কাজে যুক্ত। কেউ মাছের চারা উৎপাদন, কেউ আবার বড় মাছের পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন। ষাট পেরিয়েও প্রতিদিন নিজে ফার্মে নেমে কাজ করেন তিনি। ভবিষ্যতে পুকুরের পাড়ে ছাগল পালনের ফার্ম গড়ে তুলে মৎস্যচাষের সঙ্গে পশুপালনকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ভাস্কর মণ্ডলের এই উদ্যোগ আজ গোঘাটের বহু কৃষক ও যুবকের কাছে বিকল্প কৃষি ও স্বনির্ভরতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande