গেঁটেগোড়ী মাণিক চৌধুরী হাইস্কুলে মেডিটেশন ক্লাসের শুভ সূচনা, ধনিয়াখালিতে নতুন দৃষ্টান্ত
হুগলি , ২৫জুলাই (হি.স.): হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের গেঁটেগোড়ী মাণিক চৌধুরী হাইস্কুলে শনিবার এক অভিনব উদ্যোগের মাধ্যমে নতুন ইতিহাস রচিত হল। ব্লকের মধ্যে এই প্রথম কোনও উচ্চ বিদ্যালয়ে নিয়মিত মেডিটেশন বা ধ্যানচর্চার ক্লাস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন
মেডিটেশন ক্লাস এর উদ্বোধনী অনুষ্ঠান


হুগলি , ২৫জুলাই (হি.স.): হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের গেঁটেগোড়ী মাণিক চৌধুরী হাইস্কুলে শনিবার এক অভিনব উদ্যোগের মাধ্যমে নতুন ইতিহাস রচিত হল। ব্লকের মধ্যে এই প্রথম কোনও উচ্চ বিদ্যালয়ে নিয়মিত মেডিটেশন বা ধ্যানচর্চার ক্লাস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, একাগ্রতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই উদ্যোগকে ঘিরে স্কুল চত্বরে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সামসের আলি, বরদাময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পার্থ প্রতিম ঘোষ, বর্তমান প্রধান শিক্ষক কৌশিক মুখোপাধ্যায়, লেখক, সমাজকর্মী ও প্রাক্তন শিক্ষক অভয়পদ ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের হরিপাল শাখার ইনচার্জ বি কে দময়ন্তী দিদি এবং তাঁর সহযোগী দল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে পাক্ষিক ভিত্তিতে এই মেডিটেশন ক্লাস পরিচালিত হবে। এমন একটি ব্যতিক্রমী সুযোগ পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত। তাদের মতে, পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই ক্লাস বিশেষ ভূমিকা পালন করবে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ইতিবাচক মানসিকতা ও সহযোগিতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণে মেডিটেশন ক্লাসটি ভবিষ্যতে আরও গুরুত্ব পাবে এবং জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধি করে গেঁটেগোড়ী মাণিক চৌধুরী হাইস্কুলের এই উদ্যোগকে এলাকার শিক্ষামহল এক নতুন ভোরের সূচনা হিসেবেই দেখছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande