
দুর্গাপুর, ২৭ জুলাই (হি.স.): সোমবার আচমকাই দুর্গাপুরে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দু’টি দল সোমবার সকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার একটি বাড়িতে যায়। প্রায় চার ঘণ্টা তল্লাশি চালানো হয় সেখানে। ওই বাড়ির বাসিন্দা হলেন গোলাম জামা। তাকে আটক করে থানায় নিয়ে যান গোয়েন্দারা। পরে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, আন্তর্জাতিক মানব পাচারচক্রের সঙ্গে যোগের সন্দেহে গোলামকে ধরা হয়েছে। গোলাম বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। এলাকাবাসীদের সঙ্গে গোলাম বা তাঁর পরিবারের খুব একটা পরিচয় নেই। সোমবার সকালে তাদের বাড়িতে যান এনআইএ-র দু’টি প্রতিনিধিদলের মোট ছ’জন সদস্য। তাঁদের মধ্যে এক মহিলা আধিকারিকও ছিলেন। তবে সঙ্গে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। রাজ্য পুলিশের সহায়তায় দীর্ঘ তল্লাশির পর গোলামকে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ