
খড়্গপুর, ২৭ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর খড়্গপুর লোকাল থানার কাজলা এলাকায় সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি যাত্রিবাহী বাস। এই দুর্ঘটনায় বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, বাসটি মেদিনীপুর থেকে যাত্রী নিয়ে বেলদার দিকে যাচ্ছিল। খড়্গপুর লোকাল থানার কাজলা এলাকায় পৌঁছাতেই চালক হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও হুড়োহুড়ি পড়ে যায়।
খবর পেয়েই খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান। তড়িঘড়ি উদ্ধারকাজ চালিয়ে আহত যাত্রীদের বাস থেকে বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত কয়েকজনকে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি