এক সপ্তাহের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছাতে হবে: পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ
হাওড়া, ২৭ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। এদিনের বৈঠক
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বৈঠক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে


হাওড়া, ২৭ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। এদিনের বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, দুই জেলার জেলাশাসক, মহকুমা শাসক (এসডিও), বিডিও এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রবীণ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজে গতি আনার ওপর বিশেষ জোর দেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে যেন সরকারি প্রকল্পের সুবিধা ও তার ইতিবাচক ফল সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে যায়।

দিলীপ ঘোষ বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পঞ্চায়েত স্তরে দুর্নীতির কারণে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়নি। তিনি জানান, এই কারণেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের মতো কর্মসংস্থান প্রকল্পকে এখন 'ভিভিজি রামজি' নামে পুনরায় চালু করা হয়েছে এবং এর প্রশিক্ষণ প্রক্রিয়া চলছে।

তিনি আধিকারিকদের আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা এবং পঞ্চম অর্থ কমিশনের প্রকল্পের মতো কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেই সঙ্গে পঞ্চায়েত আইনে করা নতুন সংশোধনগুলোর বিষয়েও আধিকারিকদের বিস্তারিত জানানো হয়।

কর্মীসংকটের প্রশ্নে মন্ত্রী বলেন, বিগত ১২ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় পঞ্চায়েত দফতরে ১১,০০০-এরও বেশি পদ শূন্য পড়ে রয়েছে। তিনি জানান, এই শূন্যপদগুলো দ্রুত পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এবং দফতরের আধিকারিক ও কর্মীরা ইতিমধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন।

বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক প্রতিবাদের সুযোগ নিয়ে দেশবিরোধী ও অরাজক উপাদান সক্রিয় হয়ে উঠছে। সম্প্রতি ধর্মতলায় সাংবাদিকদের ওপর হওয়া আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং নতুন গুণ্ডাদমন আইনের অধীনে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএজি-র রিপোর্টে আমফান ত্রাণ বণ্টনে অনিয়ম ও আর্থিক গরমিলের উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতে ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছিল, যার ফলে প্রকৃত অভাবী মানুষ বঞ্চিত হয়েছিলেন। তবে বর্তমান সরকার স্বচ্ছ প্রকল্প ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই পরিস্থিতি পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি দাবি করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande